, || - ||

রামপাল পেড়িখালী দাখিল মাদ্রাসার ভবন নির্মাণ। মোংলা উপজেলা যুবলীগের সম্পাদক ইকবাল হোসেনের স্বেচ্ছাচারিতার অভিযোগে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
বাগেরহাটের রামপাল পেড়িখালী দাখিল মাদ্রসার নতুন ভবন নির্মাণে ঠিকাদার মোংলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন করেছে মাদ্রাসার ছাত্র ছাত্রী ও  এলাকাবাসী। প্রভাবশালী যুবলীগ নেতা ইকবাল হোসেন ঝর্ণা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। বৃহস্পতিবার (২৪ নভেম্বর ) সকাল ১০ টায় মাদ্রাসার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন তারা।
মানববন্ধনে সচেতন মহল বলেন,একটি মাত্র টিনশেডে ক্লাস করে শিক্ষার্থীরা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্লাস করতে অনেক কষ্ট হয় শিক্ষার্থীদের। মাদ্রাসাটি  প্রতিষ্ঠার ২৪ বছর পর বহু চেষ্টা করে  ৩ কোটি ৮৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ কাজ গত বছরের ৮ ফেব্রুয়ারি শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান ঝর্ণা এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। যার মেয়াদকাল ইতিমধ্যে ৬ মাস পূর্বেই শেষ হয়ে গেছে। মাদ্রাসা ভবনের কাজ সমাপ্তের বিষয়ে সংশ্লিষ্ট জেলার প্রধান নির্বাহী প্রকৌশলী এবং পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল ঠিকাদার ইকবাল হোসেনের সাথে কথা বললে সে ক্ষমতার অপব্যবহার এবং তাদের সাথে দুর্ব্যবহার করে। মানববন্ধনে আরও বলা হয়, নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ শুরুর কয়েক দিনের মধ্যে কিছু মালামাল ছড়িয়ে ছিটিয়ে রেখে চম্পট দেয় ওই ঠিকাদার।
এ বিষয়ে ঠিকাদার ইকবাল হোসেন এর সাথে তার মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি ওই প্রতিষ্ঠানের ঠিকাদার নই। মূল ঠিকাদার আসলাম শেখ। তিনিও ওই নির্মাণ কাজটি অন্যত্র হস্তান্তর করেছেন। শুধু শুধু চেয়ারম্যান আমাকে দোষারোপ করছেন।
উপজেলার পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুলের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন রামপাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা মিলি, পেড়িখালী পি, ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর কুমার সিকদার, পেড়িখালী দাখিল মাদ্রাসার সুপার মো. বোরহান উদ্দিন শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকরামুল কবির কচি, বিএনপি নেতা আ. আজিজ বাবু, শিক্ষিকা শামীম আরা শিপ্রা, মো. মোজাফফর হোসেন, সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম প্রমুখ।
এ বিষয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি’র দৃষ্টি আকর্ষণ করলে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, উন্নয়নের প্রশ্নে কোন আপোষ নেই। কেউ অনিয়ম করলে তাকে ছাড় দেওয়া হবেনা।
Please follow and like us: