করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে আবারও এক সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে সারাদেশ। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খুলনবাসী। লকডাউনের কারণে চিন্তিত হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঋণের কিস্তি নিয়ে তারা আছে বিপদে।
ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা হলে তারা জানান, লকডাউনের সিদ্ধান্তটি সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত। মানুষ লকডাউন পুরোপুরি মানলে করোনা সংক্রমণের হার কমে যাবে বলে তাদের ধারণা। তবে নিম্ন আয়ের মানুষজন চিন্তিত হয়ে পড়েছে কর্মহীন হওয়ার আশঙ্কায়। বিভিন্ন এনজিও থেকে যারা ঋণ নিয়েছেন তারাও কিস্তি পরিশোধ নিয়ে চিন্তিত আছেন।
খুলনা শহরে বসবাসরত দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের মাঝে রোজগার নিয়ে চরম অনিশ্চিয়তা দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন লকডাউনের সময় বাড়লে তাদের দুর্দশা আরও বেড়ে যাবে।
এমন পরিস্থিতিতে অনেকেই শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন। আবার যারা শহরে থেকে যাচ্ছেন তারাও অনিশ্চয়তায় প্রহর কাটাচ্ছেন।
এদিকে লকডাউনের ঘোষণায় খুলনার বাসস্ট্যান্ডগুলোর টিকিট কাউন্টারে ভিড় বেড়েছে। অনেকই লকডাউনের আগে নিজ বাড়িতে যাওয়ার জন্য টিকিট কাটছেন। যাত্রীদের কাছে টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বাড়ি ফিরতে পারবে কিনা এমন সংশয় প্রকাশ করেছেন যাত্রীরা।
এদিকে খুলনায় স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন।