ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম ধরার ঘটনায় প্রশাসনের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মুটকি বাজারের কলোনীপাড়ায় আব্দুর রহমানের ওই গাছটি পরিদর্শন করেন তারা।
এসময় তদন্ত কমিটির প্রধান উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেনসহ চার সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত হয়ে লিচু গাছে আম ধরা ও ছিঁড়ে ফেলার বিষয়ে স্থানীয় এলাকাবাসীর জবানবন্দি গ্রহণ করেন।
তদন্ত কমিটির প্রধান আব্দুল্লাহ আল মামুন ও কৃষি অফিসার মনোয়ার হোসেন জানান, আমটি ছিঁড়ে ফেলার কারণে গবেষণা করতে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ভিডিও এবং অন্যান্য নমুনা ইতিমধ্যে সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। সেই সাথে গাছ সংরক্ষণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ প্রদান করার পাশাপাশি আগামী বছরে মুকুল আসা পর্যন্ত অপেক্ষার কথা জানান তারা।
অন্যদিকে, লিচু গাছে আমটি কোনোভাবে স্থাপন করা হয়েছিল কি না জানতে চাইলে গাছের মালিক আব্দুর রহমান তা মানতে নারাজ।