, || - ||

শাজাহানপুরে সড়ক দখল করে আ’লীগের ওয়ার্ড কার্যালয়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

সজিবুল আলম সজিব শাজাহানপুর(বগুড়া):- বগুড়ার শাজাহানপুরে সড়ক দখল করে আওয়ামীলীগের ওয়ার্ড কার্যালয় নিমার্ণ করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে অন্যদিকে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে এ ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় ইউপি সদস্যকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে ।
জানা গেছে, উপজেলার আমরুল ইউনিয়নের এলজিইডি’র আওতাধীন জনগুরুত্বপূর্ন ডেমাজানি-শৈলধুকড়ী সড়কের শৈলধুকড়ী আয়েজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন আমরুল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ের সাইন বোর্ড ঝুলিয়ে সড়কের মধ্যে টিন খুঁটি দিয়ে ঘর নির্মাণ করা হচ্ছে। এতে সড়কে এক সাথে একাধিক যানবাহন চলাচল করতে পারবে না। সড়ক দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ইউপি সদস্য প্রতিবাদ করেও কোন লাভ হয়নি ।

৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, জনগুরুত্বপূর্ণ সড়কের মধ্যে ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয় নিমার্ণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসীর দাবির মুখে তিনি সড়কের মধ্যে ঘর করতে নিষেধ করেছেন । এ কারণে স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা তাকে মারপিট করার হুমকি দিচ্ছে ।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান রাজু বলেন, আমরুল ইউনিয়নের মধ্যে কোন আওয়ামীলীগের কার্যালয় নেই। আমরা ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দ সড়কেই করি আর যেখানেই করি একটা আমাদের বসার জায়গা করেছি। এটা নি:সন্দেহে ভাল কাজ করেছি। কোন অন্যায় করিনি। এতে সড়কে যানবাহন চলাচলে কোন অসুবিধা হবে না ।

স্থানীয় বাসিন্দা আমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম টমেটো জানান, স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের কোন বসার জায়গা নেই । দলীয় মিটিং আলোচনা সব কিছু মাদ্রাসার ঘরে করতে হয় । তাই সড়কে যান চলাচলের রাস্তা রেখে বসার জায়গা করা হয়েছে মাত্র। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা হবে না ।

শৈলধুকড়ী আয়েজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব বারিক সরকার জানান, গত দু’দিন পূর্বে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল ফোনে জানানো হয়েছে । কিন্তু এখনো কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

Please follow and like us: