শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অচল রাজশাহীর বেসরকারি শাহমখদুম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জ্ন্য বন্ধ ঘোষণা করে দেয়ার পরও আন্দোলন ধরে রাখতে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাস্তায় ব্যাগ রেখে রেজিস্টেশন ও নিজেদের ছাত্রত্ব টিকিয়ে রাখতে মানববন্ধন শুরু করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন না থাকায় এই কলেজের শিক্ষার্থীরা এমবিবিএস পাস করার পরেও ইন্টার্নশিপ করতে পারছে না। আবার কলেজের হাসপাতালে পর্যাপ্ত রোগী না থাকায় প্র্যাক্টিসও করতে পারেন না শিক্ষার্থীরা। এছাড়াও নানা অব্যবস্থাপনায় জর্জরিত কলেজটিতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে একসপ্তাহ ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে লাগাতার আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। অনুমোদন না থাকার পরও সাত বছর ধরে অবৈধভাবে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীনের বিরুদ্ধে। শিক্ষার্থীরা আরও জানান, কলেজের প্রথম ব্যাচে ভর্তি হয়েছিল ১৮ জন। কিন্তু নীতিগত অনুমোদন ও প্রয়োজনীয় শিক্ষক এবং প্র্যাক্টিক্যাল সরঞ্জাম না থাকায় ১৪জন শিক্ষার্থীই কলেজ ছেড়ে চলে যায়। কিন্তু যারা এমবিবিএস কোর্স শেষ করেছে তারা পড়েছে বিপদে। বিএমডিসির অনুমোদন না থাকায় তারা পাস করেও ইন্টার্ন করতে পারছেন না। ফলে তারা এমবিবিএস পাশ করেও ডাক্তারি পেশায় যেতে পারছেন না। এবিষয়ে মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. হাসানুজ্জামান হাসু জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এক সপ্তাহ ধরে কোনো ক্লাস হচ্ছিল না। ব্যবস্থাপনা পরিচালক দাবি পূরণে তাদের কাছে ১৫দিনের সময় চেয়েছিলেন। কিন্তু আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড়। উদ্ভূত পরিস্থিতিতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা আহ্বান করা হয়। শনিবার বিকালে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় কলেজের শিক্ষাকার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।