গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের এএসএম কেমিক্যাল কারখানার অগ্নিকান্ডের ঘটনায় আরো দুজনের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এই দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে শ্রীপুর থানা পুলিশ।
উদ্ধার হওয়া মরদেহ দুটি কুমিল্লার দাউদকান্দির থানার তুলাতুলি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাসির উদ্দিন (৩৯)ও টাঙ্গাইলের দেলদুয়ার থানার আওয়ালপুর গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে আশরাফুল ইসলাম (৫০)। এর আগে ওই কারখানার শ্রমিক শ্রীপুরের উজিলাব গ্রামের তাইজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
কারখানার জিএম আসিবুর রহমান বলেন, কারখানার পক্ষ থেকে নিহতদের পরিবারকে দাফনের জন্য কিছু অর্থসহায়তা দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী অন্যান্য পাওনাদি ও সহায়তা দেয়া হবে। আমাদের তালিকা অনুযায়ী আর কেউ নিখোঁজ নেই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, আগুনে নিহত কারখানা শ্রমিকদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ এনে নিহত শ্রমিক আলমগীরের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল পৌণে পাঁচটার দিকে ওই কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন লাগে। এ সময় আশপাশে ধোঁয়ার কুন্ডলি ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঐ দিনই গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে এবং ওই কমিটিকে পরবর্তী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।