, || - ||

শ্রীপুরে কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে একটি রপ্তানিমুখী সোয়েটার কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছে। রোববার (২২ আগষ্ট) সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার এসকিউ সেলসিয়াস লিমিটেড নামের একটি কারখানায় কাজে যোগ না দিয়ে তারা কারখানার অভ্যন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন। এঘটনায় কারখানায় এক দিনের জন্য ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিকরা জানান, হঠাৎ করেই কাজের মুজুরী কমিয়ে দেয়া, অতিরিক্ত কাজের (ওভার টাইম) মুজুরী না দেয়া, দুপুরের খাবারের সুযোগ না দেয়া, শ্রমিকদের নি¤œমানের টিফিন সরবরাহ ও কারখানার অভ্যন্তরে শ্রমিকদের সাথে কর্মকর্তাদের দুর্ব্যবহারের ঘটনায় শ্রমিক অসন্তোষ তৈরী হয়েছে। কারখানাটি বিভিন্ন সময় আন্তর্জাাতিক মানদন্ড অনুসরণের কথা বিভিন্ন ভাবে প্রচার করলেও কারখানায় শ্রমিকদের নূন্যতম সম্মান নেই। এছাড়াও মানবসম্পদ বিভাগে স্থানীয় কয়েকজনকে নিয়োগ দিয়েছেন মালিকপক্ষ। তাদের বিরুদ্ধে শ্রমিকদের বিভিন্নভাবে ভীতি প্রদর্শন, নারী শ্রমিকদের হয়রানী ও গালিগালাজের অভিযোগ রয়েছে। তদন্ত করে কারখানার অসাধু কর্মকর্তাদের অপসারণ চায় শ্রমিকরা।

১৪ঘন্টা কাজ করিয়ে মুজুরীর সময় দেয়া হয় ১০ঘন্টার। ছুটির দিনও কাজ করানো হয় শ্রমিকদের। অতিরিক্ত কাজ করানোর পর শ্রমিকদের কোন মুজুরী দেয়া হয় না। শ্রমের মুুজুরী দিতে তারা নানাভাবে প্রতিবন্ধকতা তৈরী করে। প্রতিবাদ করলে চাকুরীচ্যুতির হুমকী ও ভয়ভীতি দেখানো হয়। এ কারখানায় এখন আর কাজের সঠিক পরিবেশ নেই।

কারখানার প্যাকিং বিভাগের শ্রমিক খাইরুল ইসলাম বলেন, হঠাৎ করেই কোন ঘোষণা না দিয়েই আমাদের কাজের মুজুরী কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিতে এমনিতেই আমাদের চলতে কষ্ট হচ্ছে। বেতন কমিয়ে দেয়ায় কি করে আমরা চলবো।

লিংকিং বিভাগের নারী শ্রমিক মোছা: ফরিদা ইয়াছমিন বলেন, কারখানার চাইল্ড-কেয়ার রয়েছে। সেখানে থাকা দুগ্ধপোষ্য শিশুদের কাছে মায়েদের ঠিক সময় যেতে দেয় না। শিশু কান্নাকাটি করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। শিশু অসুস্থ থাকলে চিকিৎসা নেয়ার জন্য ছুটি, ঔষধসহ চিকিৎসা দেয়ার কথা থাকলেও এখানে তা দেয়া হয়না।

এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা কাজী ইকবাল হোসেন বলেন, শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়ে তাদের সাথে কথা হয়েছে। তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়া হবে। আগামীকাল তাদের বাৎসরিক বোনাসের টাকা দিয়ে দেয়া হবে। এছাড়াও অন্যান্য দাবির বিষয়ে তাদের সাথে কথা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের শ্রীপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন বলেন, সকাল থেকেই কারখানায় বিভিন্ন দাবী নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে শ্রমিকরা। পরে তাদের দাবীর বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা হয়। তারা যৌক্তিক দাবীগুলো মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। আগামীকাল সকাল থেকে কারখানায় শ্রমিকদের যোগ দেয়ার কথা রয়েছে।

Please follow and like us: