, || - ||

শ্রীপুরে গ্রাম্য সালিশে দু’পক্ষের সংঘর্ষে শিশু নিহত,আহত দুই

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে গ্রাম্য সালিশে ইউপি সদস্যের উপস্থিতিতে দুই পক্ষের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরোও দুই জন। বুধবার দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ফাতিহা (২) হয়দেবপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। আহতরা হলেন লিয়াকত আলীর ছেলে ও নিহত শিশুর পিতা আব্দুস সাত্তার (৪০) ও সাত্তারের স্ত্রী কুলছুম বেগম (২৪)।

ভুক্তভোগী সাত্তার এর বাবা লিয়াকত আলী জানান, আমার চাচাতো ভাই লাল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এটি নিয়ে দশ বছর আগে আদালতে মামলা হয়েছে। আদালতে মামলা চলমান অবস্থায় তারা জোরপূর্বক গ্রাম্য সালিশের ব্যবস্থা করেছে। এ সময় গ্রাম্য সালিশে কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মমিনুল কাদের ও ৫নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। সালিশে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের উপর হামলা করে। এসময়  আমার ছেলে আব্দুস সাত্তার, পুত্রবধু কুলসুম ও দুই বছরের শিশু নাতনি ফাতিহা গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায়  বিকেল পৌনে চারটার দিকে ফাতিহা মারা যায়।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মমিনুল কাদের জানান, দুই পক্ষের লোকজন নিয়ে সালিশে কথাবার্তা হচ্ছিল। এক পর্যায়ে লাল মিয়ার পরিবার লিয়াকত আলীর পরিবারের উপরে হামলা করে। এতে তিনজন গুরুতর আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার শারমিন আক্তার বলেন, দুপুর দেড় টার দিকে আব্দুস সাত্তার, কুলসুম ও ফাতিহা আক্তার নামে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুইজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছিল।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us: