গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের গাড়ী ভাংচুর ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় যুবলীগ নেতাসহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে ঘটনার ১২দিন পর গত ১০ সেপ্টেম্বর রাতে (রবিবার) শ্রীপুর থানায় মামলা হয়েছে।
ছাত্রলীগ নেতা নাছির মোড়লের মা নার্গিস আক্তারের অভিযোগে এ মামলা হয় বলে জানিয়েছে পুলিশ। মামলায় অভিযুক্তরা হলেন, শ্রীপুর পৌরএলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আজিজুর রহমান জন, তার বড় ভাই ইমরান হাসান ডন, একই এলাকার শিপন মিয়া, মইনুল বেপারী, রুবেল মিয়া, মাওনা উত্তরপাড়া গ্রামের আলামিন শেখ, ইমরান, মুলাইদ গ্রামের সঞ্চয় সুলতান, পৌর এলাকার কড়ইতলা গ্রামের হৃদয় ড্রাইভার, নয়াপাড়া গ্রামের ফারুক হোসেন নিলয়, মাওনা মধ্যপাড়া গ্রামের রাকিব, জৈনা বাজার এলাকার রুহুল ঢালীসহ ১০-১২জন অজ্ঞাতনামা অভিযুক্তও রয়েছে। অভিযুক্তদের মধ্যে আজিজুর রহমান জন শ্রীপুর উপজেলা যুবলীগের আগামী কমিটির পদপ্রত্যাশী।
মামলা বাদীর নার্গিস আক্তার জানান, গত ৩০আগস্ট রাতে স্থানীয় মাওনা বাজারে ১ সেপ্টেম্বরের ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচীর প্রস্ততি সভা করছিলেন তার ছেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল। এসময় তার ব্যবহৃত গাড়ী ঢাকা মেট্রো-চ-১৬-২২১৪ তে অভিযুক্তরা বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করে ভাংচুর করেন। এসময় ঢাকার কর্মসূচীর গাড়ী ভাড়া বাবদ গাড়ীতে রক্ষিত ৫লাখ টাকাও লুট করে অভিযুক্তরা। পরে নাছির মোড়ল ও তার চালক গাড়ীর দিকে এগিয়ে আসলে তাদের উপরেও হামলা হয়। এ ঘটনায় পরদিন থানায় অভিযোগ দিয়েছিলেন নাছির মোড়লের মা নার্গিস আক্তার।
পুলিশ জানায় এ ঘটনার জেরে উভয়পক্ষের অভিযোগ থানায় জমা হয়েছিল। ঘটনার পর পরই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লসহ বেশ কয়েক জনকে অভিযুক্ত করে মামলা করেন যুবলীগ নেতা আজিজুর রহমান জনের মা। মামলার পর পরই জামিন পান ছাত্রলীগ নেতা নাছির মোড়ল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, নার্গিস আক্তারের অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়েছে। পুলিশী তদন্ত অব্যাহত আছে।