গাজীপুরের শ্রীপুরে ডাম ট্রাক ও মোটরসাইকেলে সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) বেলা সোয়া ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় চালক আনিছুর রহমানকে (৩৫) আটক করা হয়েছে। ঘাতট ট্রাকটিকে জব্দ করা হয়েছে। মহাসড়ক আইনে একটি মামলা রুজু হয়েছে ।
নিহত মোখলেছুর রহমান (৪৪) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার জয়গঞ্জ গ্রামের মো. মফিজুল হক এর ছেলে। এঘটনায় তার ১১বছর বয়সী ছেলে ফয়সাল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মারা গেছে। তিনি উপজেলার জৈনা বাজার এলাকায় স্থানীয় রানা আহমেদের বাড়িতে ভাড়া থেকে নাসির গ্লাস নামের একটি কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজারের শিশুতোষ বিদ্যাঘরের সামনে ইউটার্ন এলাকা পাড় হচ্ছিল ঢাকাগামী এক ড্রাম ট্রাক। এসময় অসাবধানতা বশত একটি মোটরসাইকেলের সাথে ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মোখলেছুর রহমান ও তার ছেলে ফয়সাল গুরুতর আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মোখলেছুর রহমানকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।