গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়নের গাড়ারন এলাকার বাঁশ ঝাড়ের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় সোমবার দুপুরে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ।
নিহত ময়না (৪০) পাবনার ঈশ^রগঞ্জ থানার আটঘরিয়া এলাকার আসাদ মিয়ার স্ত্রী। সে গাড়ারন এলাকার ফারুক হোসেনের বাড়িতে ভাড়া থেকে হ্যামস গার্মেন্টস এ চাকুরি করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, গত শনিবার কারখানার ডিউটি শেষে এক বান্ধবীর বাড়ি যাওয়ার কথা বলে বাড়ির মালিককে জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান ময়না। পরে ময়না আর বাসায় ফেরননি। সোমবার দুপুরে এলাকাবাসী ময়নার লাশটি গাড়ারন গ্রামের নাজিমউদ্দিনের বাড়ির পাশে বাঁশ ঝাড়ের ভেতর দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুর আড়াইটার দিকে লাশটি উদ্ধার করেছে। এসময় লাশের পাশ থেকে তার ভ্যানিটি ব্যাগ ও আইডিকার্ড উদ্ধার করা হয়। লাশটি পঁচে ফুলে গেছে। ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা তাকে হত্যার পর লাশটি বাঁশ ঝাড়ে ফেলে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।