গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় পুকুর থেকে অর্ধগলিত বিবস্ত্র এক নারীর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার দুপুরে ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর মালিকানাধীন পুকুরে ভাসমান অবস্থায় মধ্যবয়সী অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় মরদেহটি হাত-পা বাঁধা ও কোমরে বেশ কয়েকটি ইটা বাঁধা অবস্থায় ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া ।
তিনি জানান, দুপুরে পুকুরে বিবস্ত্র মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের দুটি হাত-পা বাঁধা ছিল, কোমরে তিনটি ইট বাঁধা অবস্থায় ছিল। ধারনা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে অন্য কোথাও হত্যা করে মরদেহ পুকুরে এনে ফেলে রেখেছে হত্যাকারীরা। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এছাড়াও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।