দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বাগেরহাটের কচুয়া উপজেলার মীর মার্কেটের জেমিস জুতার শো-রুমের মালিক সোহেল আহমেদ। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগীদের কয়েকজন সিলেট থেকে বাগেরহাট প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতারণার চিত্র তুলে ধরেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন মাধ্যমে জানা গেছে এ পর্যন্ত তার ১১ টি বিয়ে রয়েছে। প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে দেশের এই স্থান থেকে ওই স্থানে সে পালিয়ে বেড়ায়। ভুক্তভোগীদের মধ্যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা সদরের কদমতলী গ্রামের মৃত ধন মিয়ার পুত্র মোহাম্মদ কাইয়ুম শেখ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ওই এলাকার প্রতারণার শিকার মোহাম্মদ হাফিজুল ইসলাম, আব্দুল হান্নান, আব্দুস সালাম সহ কয়েকজন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সিলেট জেলার খাদিম নগর উপজেলার বহর গ্রামের আফসর আলীর পুত্র সোহেল আহমেদ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ দিয়ে লোক পাঠানোর কথা বলে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে। সে বিভিন্ন দেশের ভিসা ও টিকিট দেয়। কিন্ত ভুক্তভোগীরা এয়ারপোর্টে গেলে জানতে পারে তাদের ভিসা এবং টিকিট জাল। তখন তারা সোহেল আহমেদকে ফোন দিলে সোহেল আহমেদের ফোন বন্ধ পাওয়া যায়। সেই থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে। অনেক খোঁজাখুঁজির পর ফেসবুকের মাধ্যমে জানতে পারি সোহেল আহমেদ বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় দোকানের শোরুম দিয়ে ব্যবসা করছে। আমরা সিলেট থেকে বাগেরহাট এসে কচুয়া বাজার কমিটির সভাপতি সম্পাদক এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিষয়টি জানায়। স্থানীয় ব্যবসায়ী নেতাদের মাধ্যমে সোহেলকে সাথে নিয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে সে ২১ লক্ষ টাকা প্রতারণা করার কথা স্বীকার করে এবং কিস্তিতে টাকা পরিশোধ করবে বলে জানায়। এ বিষয়ে একটি স্ট্যাম্পে বিস্তারিত লিখে সে সবার সামনে চেক প্রদান করে।
এ বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার বাগেরহাটে প্রেসক্লাবে সোহেল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী নেতা মনিরুল ইসলাম ভূঁইয়া, শেখ সুমন, মীর নূর, মনিরুজ্জামান ঝুমুর, সাংবাদিক হুমায়ুন ও শোরুমের ম্যানেজার মিরাজ মীরদের অভিযুক্ত করে। প্রকৃতপক্ষে তারা এ বিষয়ে কিছুই জানে না। আমরাই প্রতিকার পাওয়ার জন্য তাদেরকে জানিয়েছি।
সে “অভিপ্রায় শ্রমজীবী সমবায় সমিতি” নামের একটা প্রতিষ্ঠান খাড়া করে ঢাকা যাত্রাবাড়ির ঠিকানা ব্যবহার করে সঞ্চয় নিয়ে ঋণ দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরকম বহু অভিযোগ এবং মামলা রয়েছে তার বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয় আমাদের অনেক পরিশ্রমের টাকা খোয়া যাচ্ছে আমরা আমাদের টাকা ফেরত চাই। আমরা সিলেট থেকে বাগেরহাট এসেছি, সোহেল আমাদের অনেক হয়রানি করেছে। সে পালিয়ে বেড়ায়। তাকে খুঁজে পাওয়া যায় না। আমরা তার বিচার চাই।
Please follow and like us: