ভাষা আন্দোলনের মহানায়ক স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক অলি আহাদের একমাত্র কন্যা জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল – আশুগঞ্জবাসীকে করোনা ভাইরাস নিয়ে আতংক না হয়ে অধিকতর সচেতন হওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, একমাত্র সচেতনতার মাধ্যমেই এই ভাইরাসটাকে আমরা প্রতিরোধ করতে পারি। তাই এখন আমাদের সকলের উচিৎ সচেতনতার সাথে জীবন-যাপন করা।
আজ শুক্রবার (২৭ মার্চ) বিকালে সরাইল আশুগঞ্জবাসী উদ্দেশ্যে হোয়াটস অ্যাপ বার্তার মাধ্যমে তিনি এ আহবান জানান।
সচেতনতাই এর অন্যতম প্রতিরোধ ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, যারা বিদেশ ফেরত তাদেরকে নিজের এবং পরিবারের ভালোর জন্য ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এতে নিজে বাঁচবে এবং পরিবার, সমাজ ও দেশকে বাঁচাতে সাহায্য করবে।
করোনা ভাইরাস সংক্রমনে ঝুঁকি রোধে মুখে মাস্ক ব্যবহার, গণপরিবহন ও জনসমাগম এড়িয়ে চলা, ঘনঘন হাত ধোয়া, যেখানে সেখানে থুথু বা কফ না ফেলা, হাত দিয়ে নাক-মুখ-চোখ স্পর্শ না করার আহবানও জানান তিনি।
এছাড়াও তিনি এলাকার বিত্তশালীদেরকে হত দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসতে ও শিক্ষিত সমাজকে জন সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
Please follow and like us: