নয়া আলো ডেস্কঃ- ‘নিরাপদ সড়ক চাই’ দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ও নিউ মার্কেট চত্বরে বিভিন্ন স্কুল কলেজের বিপুল পরিমাণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে।
এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মুহুমুহু স্লোগানে বেপোরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভারকে ফাঁসি দিতে হবে, প্রত্যেক সড়ক দূর্ঘটনা প্রবন এলাকায় স্পিড ব্রেকার দিতে হবে, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে, অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না, শিক্ষার্থীদের গাড়িতে নিতে হবে, সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যাবস্থা করতে হবে।
পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবী বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান।
জেলা প্রশাসক ইফতেখার হোসেন বলেন, তোমাদের দাবী দাওয়া ইতিমধ্যে প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। এছাড়া যদি কোন সমস্যা থাকে তাহলে তোমরা আমার সাথে দেখা করে বললে আমি তোমাদের দাবী মেনে নেব।
পুলিশ সুপার বলেন, সাতক্ষীরায় বিভিন্ন স্কুল কলেজের সামনে স্প্রিড ব্রেকার ও একজন করে ট্রাফিক পুলিশ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। মানববন্ধনে তিনি ছাত্রছাত্রীদের পানি পান করান।
অপর দিকে সকাল থেকে সাতক্ষীরার সব রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।