ফারুক রাজ, সাতক্ষীরা প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত সাতক্ষীরার ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (১৬ মার্চ) বিকাল থেকে মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২ টার মধ্যে তাদের কোয়ারেন্টাইনে নেওয়া হয়। তবে এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
হোম কোয়ারেন্টাইনে থাকা ১৩ জনের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৩ জন, আশাশুনি উপজেলায় ২ জন, কালিগঞ্জ উপজেলায় ৬ জন, দেবহাটা উপজেলায় ১ জন ও শ্যামনগর উপজেলায় ১ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত জানান, সাতক্ষীরায় ইতিমধ্যে বিদেশ ফেরত ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর সংখ্যা আরও বাড়তে পারে। এসব ব্যক্তিদের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, এসব ব্যক্তিরা যেন ঘরের বাইরে ঘোরাফেরা না করে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের উপর স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নজরদারিতে রাখতে বলা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।
এদিকে, করোনার প্রভাবে ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারত উভয় দেশের পাসপোর্ট যাত্রীদের আসা-যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারটপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিত সরকার জানান, করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত ও বাংলাদেশ উভয় দেশের পাসপোর্ট যাত্রীদের আসা-যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে উভয় দেশের পাসপোর্ট যাত্রীরা নতুন করে কেউ দু-দেশে যাতায়াত করতে পারবেন না। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা চলবে। তবে উভয় দেশের নাগরিক আগে যারা বাংলাদেশে এসেছেন বা ভারতে গেছেন তারা নিজ-নিজ দেশে ফিরতে পারবেন।
Please follow and like us: