সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৮ মার্চ) সকালে শহরের প্রফেসর এম. এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সামনে প্রথমে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা নারী নির্যাতন বন্ধ, নারীর সমঅধিকার নিশ্চিতকরণ এবং সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান।
মানববন্ধন শেষে হাসপাতালের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর এম. এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডা. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর ডা. নাজমুল হক। তিনি বলেন, নারীরা আজ আর ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নেই। শিক্ষা, চিকিৎসা, প্রশাসনসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখছেন। নারীদের এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করতে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। নারীকে সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশ আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য সবাইকে নতুন করে অঙ্গীকার করার দিন। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সবাইকে সচেতন হতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ম্যানেজার রুমকি রানী সূত্রধর, জুনিয়র কনসালটেন্ট সালমান শারমিন এবং কনসালটেন্ট জাহাঙ্গীর আলম, এক্সিকিউটিভ এডমিন এন্ড কাউন্সিলিং রোকাইয়া সুলতানা রূম্পা।
তারা নারীর স্বাস্থ্য সচেতনতা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং নারীর ক্ষমতায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম ম্যানেজার মির্জা আহমেদ আলী। আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা ও সমতার সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।