শুক্রবার , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ইসলামিয়া লায়ন্স

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার লিগ (আইসিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিয়া লায়ন্স। সোমবার (১৫ জুন) বিকেলে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।

ফাইনালে মুখোমুখি হয় ইসলামিয়া লায়ন্স ও ইসলামিয়া টাইটান্স। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। দীর্ঘ প্রতিযোগিতার পর সেরা দুই দল ফাইনালে জায়গা করে নেয়। শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস খেলায় ভিন্নমাত্রা যোগ করে।

ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তরুণদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ক্রীড়া যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ. ম. রফিকুল হাসান রতন, ভিপি ওমর কৃষ্ণ দাস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সেরাজুল ইসলাম সেরাজ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সানোয়ার হোসেন সানুসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ইসলামিয়া লায়ন্স দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসার ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Please follow and like us: