, || - ||

সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে তিন দিনব্যাপী ৩৯তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শুরু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সংস্কৃতি হোক মৈত্রীর বন্ধন আর তা দূর করুক সমাজের অনাচার। এই প্রত্যাশা নিয়ে সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠে তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৩৯তম সম্মেলন শুরু হয়েছে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ ঘটিকায়। এ সম্মেলন উদ্বোধন করেন ভাষাসৈনিক সংস্কৃতিজন কামাল লোহানী। সম্মেলনের বোধন সঙ্গীত রবীন্দ্রনাথের ‘ভেঙ্গেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয়’। সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুব্রত মজুমদার। সম্মিলনে দেশের প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহমিদা খাতুনকে রবীন্দ্র পদক দিয়ে গুণী-সম্মাননা জানানো হয়। এসময় ‘আপন হতে বাহির হতে বাইরে দাঁড়া’ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন শিল্পীরা। এবারের আয়োজনে অংশ নিয়েছে দেশের নানা অঞ্চল থেকে সমাগত সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক। তিন দিনেরই সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন রবিরশ্মি, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে। একইসঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি চলবে রবীন্দ্রনাথের গান, আলোচনা, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম ও সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা। বিকেল ৫টায় প্রদীপ প্রজ্বালন ও আশীর্বাণীর মাধ্যমে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতিজন কামাল লোহানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান। প্রদীপ প্রজ্জ্বলন উৎসব শেষে কামাল লোহানী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি ছেলে ও মেয়েরা সমানতালে এগিয়ে যাচ্ছে। মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক কষ্ট সহ্য করতে হয়। তবুও এগিয়ে যাওয়া শুরু হয়েছে। সেই শুরুটা বোঝা যায় বিভিন্ন পরীক্ষার ফলাফলে। সেখানে মেয়েরা এগিয়ে। যে সমাজে নারী-পুরুষ একসঙ্গে এগিয়ে যায় সেই সমাজে অগ্রগতি কেউ রোধ করতে পারে না। বিশ্বের সব মেয়েকে ধন্যবাদ জানাচ্ছি পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য। প্রাত্যহিক জীবনে রবীন্দ্রনাথের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আমার এমন একটা দিনও কাটে না রবীন্দ্রসঙ্গীত না শুনে। যে মানুষটি রবীন্দ্রসঙ্গীত উপভোগ করতে পারে না তার মত দুর্ভাগা আর কেউ নেই। আমার দুঃখ হয়, নতুন প্রজন্ম পাঠ্যবইয়ে স্থান পাওয়া গল্প কবিতা ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোনো লেখা পড়ে না। তাদের এ বিষয়ে আমাদের আরও আগ্রহী করে তোলা উচিত। পরিষদের নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান বলেন, আমাদের সাধনা সিদ্ধির পথে চলছে। শুরুতে এই সংগঠনের কাজ ঢাকাকেন্দ্রিক ছিল, এখন সারাদেশে ছড়িয়েছে। সংস্কৃতির চর্চা চলছে। তিনি বলেন, সংস্কৃতির চর্চা মানুষকে ভালবাসতে শেখায়। সমাজের অনাচার দূর করতে সংস্কৃতি একটা আশ্রয়। সেই সংস্কৃতির আশ্রয়ে আমরা সারাদেশের মানুষকে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করতে চাই। সারাদেশে রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রশিক্ষণ যে হচ্ছে তাই প্রতিযোগিতার মাধ্যমে বুঝতে পারি। বছরের একটা সময়ে এসে পরিচিত মুখগুলো দেখে মনটা ভরে যায়। বুলবুল ইসলাম বলেন, বিশ্ব নারী দিবসে এই সম্মেলন শুরু হলো। রাষ্ট্র পরিচালনা করছেন একজন নারী। ছায়ানট ও রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের মতো দু’টি বড় সংগঠনের সভাপতিও একজন নারী। এই দুই ক্ষেত্রেই আমরা নারীর এগিয়ে চলার বার্তা পাই। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে পরিবেশিত হয় আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হয় প্রথমদিনের অধিবেশন।

Please follow and like us: