সিরাজগঞ্জের চন্দ্রকণায় চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) চন্দ্রকণা সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের নিয়মিত ক্রীড়াচর্চায় অংশগ্রহণ এবং নিজেদের প্রতিভা বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মির্জা মোস্তফা জামান আরও বলেন, এ ধরনের ফুটবল টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে ক্রীড়ার বিকাশ, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আসলাম উদ্দিন এবং জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মিন্টু।
অনুষ্ঠানে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সম্পৃক্ত আয়োজক, খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।