রবিবার , ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জে কর্মরত টেলিভিশন ক্যামেরা সাংবাদিকদের সংগঠন টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশন (টিসিএ) এর ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিরাজগঞ্জ প্রেসক্লাব। এ উপলক্ষে শনিবার (১৬ মে) রাতে জেলা শহরে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, টেলিভিশন সাংবাদিকতায় ক্যামেরাপার্সনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক ইউসূফ দেওয়ান রাজুসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

নতুন কমিটিতে একাত্তর টিভির ক্যামেরাপার্সন বেলাল হোসেন সভাপতি এবং বাংলাভিশনের রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নিউজ২৪ এর মামুন হোসেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বৈশাখী টিভির মো. শুভ সেখ, অর্থ সম্পাদক আনন্দ টিভির মো. হৃদয়, দপ্তর সম্পাদক এএস টিভির মো. সাগর এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এটিএন বাংলার মাসুদ পারভেজ।

কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এনটিভির মাসুদ রানা, বিপি আসিফ, বিজয় টিভির লিটন হোসেন এবং মোহনা টেলিভিশনের মো. রিদয়।

জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি শহরের পুরাতন কোর্ট মসজিদ মার্কেটে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় জেলার বিভিন্ন টেলিভিশন গণমাধ্যমে কর্মরত ক্যামেরা সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নতুন কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও পেশাদারিত্বপূর্ণভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please follow and like us: