শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর হরিজন পল্লীর মন্দির কমিটির নিকট নগদ অর্থ প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হরিজন পল্লী মন্দির প্রাঙ্গণে এই অনুদান প্রদান করা হয়।
এর আগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হেদায়েতু ইসলাম ফ্রুট।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ খোকন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মংলা শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাহমুদপুর হরিজন পূজা উদযাপন কমিটির সভাপতি মিঠুন মালবিকি ও সাধারণ সম্পাদক সুনিল এ সময় অনুদান গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব। ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রেখে সবাইকে মিলেমিশে শান্তিপূর্ণভাবে এ উৎসব উদযাপন করতে হবে। বিএনপি সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করে আসছে।
মন্দির কমিটির নেতৃবৃন্দ অনুদান প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।