সিরাজগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ নেতাকর্মিদের সংঘর্ষ, মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও
সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান সহ বিএনপির ৩৮৬ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ
দুটি মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় এই দুটি মামলা দায়ের করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলার আসামীদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সহ-সভাপতি নাজমুল হাসান রানা, শ্রী অমর কৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা
মোস্তফা জামান, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যেই ১৪ জনকে দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
এর আগে, শনিবার সিরাজগঞ্জে বিএনপি’র পদযাত্রা ও আওয়ামীলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া
বাজারে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২টি মোটরসাইকেলে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও বেশ কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে হামলার ঘটনাও ঘটে। আহত হয় উভয় পক্ষের
অন্তত ১০ নেতাকর্মী।