সিরাজগঞ্জ পৌরসভার মালশাপাড়া ১৪ নং ওয়ার্ড বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে এই কমিটি অনুমোদনের ঘোষণা দেন।
ঘোষিত আংশিক কমিটিতে ইকবাল হোসেনকে সভাপতি, মোঃ সবুর আলীকে সিনিয়র সহ-সভাপতি, হাবিবুর রহমান হাবিবকে সাধারণ সম্পাদক, হাসেন আলীকে সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক এবং মোঃ জুবায়ের হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বিএনপি সূত্রে জানা যায়, ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে নেতাকর্মীদের বায়োডাটা, রাজনৈতিক কর্মকাণ্ড, এবং পূর্বের মামলা-মোকদ্দমার তথ্য যাচাই-বাছাই করে এই আংশিক কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন, দলের প্রতি আস্থা ও ভালবাসা থেকেই দীর্ঘদিন ধরে আমরা মাঠে কাজ করছি। আমাদের নেতৃত্বে ওয়ার্ডে বিএনপিকে সংগঠিত ও সক্রিয় করে তুলবো।
সভাপতি ইকবাল হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য প্রস্তুত। এই কমিটি তারই প্রতিফলন।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওয়ার্ড পর্যায়ে বিএনপি নতুন করে দলকে সংগঠিত করতে যে উদ্যোগ নিয়েছে, তা ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ে শক্ত ভিত তৈরি করবে।