সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার হিসেবে মো. আপেল মাহমুদের যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত দপ্তরী কাম প্রহরীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দপ্তরী কাম প্রহরীদের পক্ষ থেকে নবযোগদানকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আপেল মাহমুদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নতুন উপজেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে সিরাজগঞ্জ সদর উপজেলার প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে সমন্বয় করে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দপ্তরী কাম প্রহরীদের নেতা মো. মুনজুরুল আলম রুবেল, মো: আরিফ শেখ, মো. রাসেল শেখ, মো. রুবেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নবযোগদানকারী শিক্ষা কর্মকর্তার সার্বিক সফলতা কামনা করেন এবং শিক্ষার উন্নয়নে তাঁর সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবযোগদানকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আপেল মাহমুদ শুভেচ্ছা জানাতে আসা দপ্তরী কাম প্রহরীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রশাসনের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই নবযোগদানকারী উপজেলা শিক্ষা অফিসারের সফল কর্মজীবন কামনা করেন।