সুনামগঞ্জে বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের মল্লিকপুর এলাকায় অবস্থিত (নতুন বাসস্ট্যান্ড) এই টার্মিনালের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমরা দায়িত্ব নেওয়ার ১ বছরের মধ্যে প্রকল্প গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন শেষ হয়েছে। আমরা জানি যে এই শহরের জন্য যতটুকু বড় বাস টার্মিনাল প্রয়োজন সেই রকম হয়নি। তবে, আমরা ৮৮ লাখ টাকায় এই প্রকল্পটি বাস্তবায়ন করেছি। এতোদিন পর্যন্ত পৌরসভার মধ্যে বাস গুলো যত্রতত্র ভাবে পার্কিং করে রাখা হতো। এতে পৌরসভার নাগরিকদের যেমন কষ্ট হতো তেমনি বাসের মালিক-শ্রমিকদেরও নানান অসুবিধাজনক অবস্থায় পড়তে হয়েছে। এটি বাস্তবায়ন হওয়ার কারণ কিছুটা হলেও দুর্ভোগ কমবে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, পাবলিক প্রসিকিউটর মল্লিক মঈন উদ্দিন সোহেল, এডভোকেট শেরেনুর আলী, জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা পরিষদের তত্ত্বাবধানে ২০২৪-২৫ অর্থবছরের অধীনে ৮৮ লাখ ৪ হাজার ২১৪ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। এর নির্মাণ কাজ করেছে মেসার্স রুহান এন্টারপ্রাইজ।
Please follow and like us: