, || - ||

সুন্দরবনের দুবলারচরে হচ্ছে না রাস মেলা তবে পুণ্যার্থী ও তীর্থযাত্রী যেতে পারবে পুণ্যস্নানে।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
এবছর হচ্ছে না সুন্দরবনের দুবলারচরে রাস মেলা তবে হিন্দু ধর্মাবলম্বীরা পুণ্যস্নানে যেতে পারবেন। পুণ্যার্থী ও তীর্থযাত্রী ছাড়া অন্য কাউকে সুন্দরবন ভ্রমণের অনুমতি দেওয়া হবে না বলে জানা গেছে বন বিভাগ থেকে। বঙ্গোপসাগরের বুকে কুঙ্গা এবং মরা পশুর নদীর মোহনায় জেগে ওঠা দুবলার চরে দীর্ঘ কাল ধরে রাস মেলা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীরা এ সময়ে পুণ্যস্নানের জন্য দলবেঁধে দুবলার চরে আসেন।চলতি বছরের ১৭ থেকে ১৯ নভেম্বর রাস পূজা অনুষ্ঠিত হবে।
সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিগণ ব্যতীত অন্যদের সুন্দরবনে ভ্রমণ বন্ধ রাখতে নির্দেশনা দিয়ে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থের বিষয়টিও উল্লেখ করা হয় চিঠিতে।
জানা গেছে ১৭ নভেম্বর সকালে মোংলা থেকে রাস পূজা উপলক্ষে সুন্দরবনের আলোর কোলের দুবলার চরের উদ্দেশ্যে নৌযানে যাত্রা করবেন সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা। তারা সাতক্ষীরা ও খুলনার নির্দিষ্ট নৌপথ ব্যবহার করে সেখানে পৌঁছাবেন। ১৮ নভেম্বর পূজা অনুষ্ঠিত হবে এবং ১৯ নভেম্বর প্রথম প্রহরে পুণ্যস্নানের পর তারা ফিরতে শুরু করবেন।
প্রতিবছর রাস উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ সুন্দরবনের দুবলার চরে রাস মেলায় যান। গত বছর করোনা পরিস্থিতির কারণে শুধু পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকেই সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এবছরেও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সরকারের পক্ষ থেকে শুধু পূজায় অংশগ্রহণকারী পুণ্যার্থীদের বাইরে অন্য ধর্মের কাউকে ভ্রমণের অনুমতি দেওয়া হবেনা। তাই কোনো মেলাও হবে না।
Please follow and like us: