মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ- ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে গিয়ে বাংলাদেশের পানি সমস্যার কথা ভুলে যেতে হবে কি না- তা জানতে চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ২৬ মে ২০১৮ রোজ শনিবার হোটেল পূর্বাণীতে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উদ্দেশে এ প্রশ্ন করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘শান্তি নিকেতনে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। সমস্যার কথা বলে সেই সম্পর্ক নষ্ট করতে পারব না’। তাহলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য কি আমাদের বাঁচা-মরার সমস্যা, আমাদের যে পানির সমস্যা, ১৫৮ অভিন্ন নদীর পানির সমস্যা কি আমরা ভুলে যাব- প্রশ্ন ফখরুলের।
তিনি বলেন, তিস্তাসহ অন্যান্য নদীর অববাহিকায় যে কোটি কোটি মানুষ আছে তারা কি তার সুরাহা পাবে না? তাদের জীবন-জীবিকা সব কিছু কি বন্ধ হয়ে যাবে? “ভালো কথা, আমরা অত্যন্ত সুসম্পর্ক চাই। সেই সম্পর্ক হতে হবে সম্পূর্ণ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্যের স্বার্থ রক্ষা তো আমার কাজ নয়” বলেন বিএনপি মহাসচিব।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, “আজকে আপনি দাবি করছেন, এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা আপনি। তাহলে জনগণের স্বার্থের কথা না বলে কেবল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষার কথা বলছেন কেন?”
ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী সদস্য খালেদা ইয়াসমিন।
.ইফতারে অংশ নেওয়া জোট নেতারা হলেন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনার (অব.) সৈয়দ মোহম্মদ ইবরাহিম, মহাসচিব এম এম আমিনুর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, খেলাফত মজলিসের নায়েবে আমীর মুজিবুর রহমান পেশয়ারি, এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মতিন সাউদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন একরাম, জাগপা যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ মুসলীম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, (অপরাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান মাহমুদ খান, পিপলস লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, সাম্যবাদী দল সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, ডিএল সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানসহ অন্যরা।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের অর্ভ্যথনা জানান এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। স্বাগত বক্তব্য দেন এনপিপি’র মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তফা। এছাড়া দলটির প্রেসিডিয়াম সদস্য আ ক ম জহির হোসেন হাকিম, এম ওহিদুর রহমান, নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দীন ইফতার মাহফিলে অংশ নেন।