রবিবার , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জ বিজয় সৌধে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের পরিদর্শন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

মহান স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শহরের বাজার স্টেশন এলাকায় অবস্থিত বিজয় সৌধ পরিদর্শন করেন। এ সময় তিনি সৌধ চত্বরের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবের দিন। এ দিনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সৌন্দর্য বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার সচিব মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শহরের বিভিন্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসকে ঘিরে সিরাজগঞ্জ শহরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইতোমধ্যে নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে।

Please follow and like us: