দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচির একপর্যায়ে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি কর্মীরা। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যান বিএনপি নেতাকর্মীরা।
এরআগে বেলা ১২টার দিকে বিএনপি নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। সুপ্রিম কোর্টের মুল ফটকের সামনে এসে অবস্থান নেন তারা। এসময় অনেকে রাস্তায় শুয়ে পড়েন।
অবস্থান কর্মসূচি চলাকালীন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, রাস্তায় নামা অসাংবিধানিক নয়, আইন বিরোধীও নয়। রাষ্ট্র ক্ষমতার মালিক জনগণ। অথচ জনগণ আজ অত্যাচারিত। আমরা কোনও কথা বলতে পারি না। বললে অপরাধ হয়ে যায়। কিন্তু সরকারি দলের নেতারা ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকলেও কোনো অপরাধ হয় না।