সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে সন্তানদের সামনে বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেছে এক পাষান্ড স্বামী। বৃহস্পতিবার (১৯এপ্রিল) রাত পৌনে আটটায় দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে আফতাব উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বেদেনা বেগম(৫৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার দেওনডাঙ্গা গ্রামের ফজর উদ্দিনের স্ত্রী। পুলিশ ঘাতক স্বামী ফজর উদ্দিন (৭০) কে আটক করেছে।
নিহতের মেয়ে রুবিনা আক্তার বলেন, তারা মূলাইদ গ্রামের আফতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ভিয়েলাটেক্স কারখানায় কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা সবাই ঘুমিয়ে ছিলেন। সন্ধ্যার কিছু সময় পর তার বাবা বাড়িতে ফিরে ঘরে ঢুকে তাদের সবাইকে ডেকে বলেন, “তোমাদের কেউ মেরে ফেলতে চায়”। তার বাবা কয়েক বছর আগে পাগল হয়ে যাওয়ায় এই কথায় কেউ কর্ণপাত করেনি। একই ঘরে তিনিসহ তাঁর আরো দুই বোন ও এক ভাই ছিল। আচমকা তাঁর বাবা বঁটি দিয়ে তাঁর মাকে কোপাতে থাকে। ওই সময় তাঁরা ভাই-বোনেরা মায়ের প্রাণ রক্ষার জন্য এগিয়ে গেলে বটি উঁচিয়ে তাঁদের কোপাতে উদ্যত হন। পরে তাঁর মা বারান্দায় বেরিয়ে চিৎকার দিলে সেখানেও এলোপাতাড়ি কুপাতে থাকেন। দেখতে দেখতে অসংখ্য কুপ বসিয়ে দেন মায়ের মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গে। তাদের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে ঘাতক বাবাকে আটক করে। প্রচন্ড আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।