ছাগলনাইয়া উপজেলাধীন শুভপুরের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ননীড় ক্লাব’র উদ্যোগে করোনা রোগীদের জরুরী অক্সিজেন সেবা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে সংগঠনটি বৃক্ষরোপন কর্মসূচীর কার্যক্রমও শুরু করেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকালে শুভপুর কমিউনিটি সেন্টারে জরুরী অক্সিজেন সেবা ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। স্বপ্ননীড় ক্লাবের সভাপতি ও শুভপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু’র সভাপতিত্বে ও স্বপ্ননীড় ক্লাবের সাধারণ সম্পাদক ছালে ইমতিয়াজ আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, শুভপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সেলিম, ঘোপাল ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, প্রধান শিক্ষক জহরলাল দেবনাথ, ডাঃ হারুন আর রশিদ ও প্রভাষক জাহিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, সফিকুল ইসলাম চৌধুরী রাশেদ। এসময় স্বপ্ননীড় ক্লাবের সভাপতি আজিজুর রহমান মজনু বলেন, করোনায় আক্রান্ত রোগীদের জন্য শুভপুর নতুন বাজার স্বপ্ননীড় ক্লাব থেকে ২৪ ঘন্টা কাজ করবে জরুরী অক্সিজেন সেবা। বিনামূল্যে অক্সিজেন সার্ভিসসহ সুরক্ষা সামগ্রী প্রদানে আমরা প্রস্তুত রয়েছি। অক্সিজেন সেবার জন্য ০১৭৮৭৫৬১৫৩১, ০১৮৪৮১৪৫৬৪৯, ০১৮৩৪৩২২০৩২ নম্বরে যোগাযোগ করতে হবে।









