খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভদ্রানদী খনন প্রকল্পের মাটি অবৈধভাবে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রফিক ফকির নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্রা নদী খননের সময় উত্তোলিত মাটি সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া ও বিক্রির অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে আলোচনার বিষয় ছিল। সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি।
খবর প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় মাটি বিক্রির দায়ে রফিক ফকিরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি সম্পদ ও নদী খনন প্রকল্পের মাটি অবৈধভাবে দখল বা বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, ভদ্রা নদী খনন প্রকল্পের সুফল যাতে জনগণ পায় এবং সরকারি সম্পদের অপচয় বন্ধ হয়, সেজন্য দায়ীদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
উল্লেখ্য, ভদ্রা নদী খনন কাজ চলাকালে উত্তোলিত মাটি ব্যবস্থাপনা নিয়ে এলাকায় বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। সর্বশেষ সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই অভিযান নতুন করে বিষয়টি আলোচনায় এনেছে।
Please follow and like us:









