বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি দলীয় মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় দলের সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমানের সমর্থক লিয়াকত চৌকিদার (৪০) দুই দফায় হামলার শিকার হয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে লিয়াকতের স্ত্রী লিয়া বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামিকে করে গৌরনদী মডেল থানায় মামলা করেছেন।
আহত লিয়াকত পৌর এলাকার দিয়াশুর গ্রামের আ: রব চৌকিদারের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযোগ করে বলেন, ‘আমি কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসের সমর্থক। কুদ্দুস ভাই মনোনয়ন না পাওয়ায় বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের অনুসারীরা বারবার আমাকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছিল।’
আহত লিয়াকত আরও বলেন, ‘গত রবিবার (৩০ নভেম্বর) দুপুরে গৌরনদী বন্দর রওনা হলে চর গাধাতলি গোডাউন রোডে পৌঁছালে স্বপনের সাহেবের অনুসারী একই এলাকার আজিজুল হাওলাদার (৩২), হাফিজুর রহমান (৪২), জাকির আকন (৪০), টিপু হাওলাদার (৪৫) সহ আরও তিন থেকে চার জন লোহার রড, হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে আমার পথরোধ করে হামলা চালায়। হামলায় আমার বাম পায়ের হাড় ভেঙে যায়। পরে আমাকে হাসপাতালে নিয়ে গেলে তারা হাসপাতালে ঢুকে পুনরায় হামলা চালায়। ভয়ে হাসপাতালে ভর্তি হতে পারিনি পরে থানার পুলিশের সহায়তায় ভর্তি হতে সক্ষম হই।’
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের মোবাইল নম্বরে কল করলে ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।’
Please follow and like us:









