সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছাপাড়া গ্রামে চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ী মো. আব্দুল জব্বারের বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।
ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা মো. আব্দুল জব্বার জানান, ২৪ জুন সিরাজগঞ্জ সদর থানায় তিনি মামলা (নং-৭৪) করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ১৮ জুন রাত ৯টার দিকে উশৃঙ্খল প্রকৃতির মারুফ, মোস্তফা, খোকন, সোহেল, ইয়াসিন, নিলয়, ফারুক, রুবেল, আমিন, রিফাত, জেল, সোহান, পারভেজসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালায়। তারা ঘরের গেট ভেঙে ভেতরে ঢুকে জব্বারকে না পেয়ে স্ত্রী ও ছেলেকে খুঁজে হুমকি দেয় এবং আলমারি ভেঙে ৩ লাখ ৫০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। ভাংচুর করে টিভি, কম্পিউটারসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতিসাধন করে।
জব্বার অভিযোগ করেন, মামলা করার পরও আসামিরা ধরা না পড়ায় তারা পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই পতিন চন্দ্র বনিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, একাধিকবার অভিযান চালানো হয়েছে। আসামিরা পলাতক থাকায় গ্রেফতার সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।









