ছাগলনাইয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ সেবা দিচ্ছে ছাগলনাইয়ার স্বেচ্ছাসেবী সংগঠন “ছাগলনাইয়া ব্লাড ডোনারস ক্লাব”। এজন্য ১০ সদস্য বিশিষ্ট অক্সিজেন সরবরাহ টিমও গঠন করেছে সংগঠনটি। এ টিমের প্রধান শাওন সহ রয়েছে আলমগীর, আদিল, জোবায়ের, স্মরণ, আলভী, ইকবাল, আজমির, রিয়াদ ও আশিক। শুধুমাত্র অক্সিজেন রিফিল’র খরচ ও যাতায়াত ভাড়া বাবদ মোট ৩’শ টাকা নাম মাত্র খরচ নিচ্ছে তারা। সাতটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে প্রাথমিক ভাবে তারা এ সেবার কার্যক্রম শুরু করেছে। শনিবার (৪ জুলাই) সকালে আনুষ্ঠানিক ভাবে এ অক্সিজেন সরবরাহ সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া ব্লাড ডোনারস ক্লাবের উপদেষ্টা ব্যবসায়ী নুর হোসেন মজুমদার, মামুন চৌধুরী, সংগঠনিটর সভাপতি জিয়াউল হক বাবলু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, অক্সিজেন সরবরাহ টিমের প্রধান শাওনসহ সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাগলনাইয়া ব্লাড ডোনারস ক্লাবের উপদেষ্টা নুর হোসেন মজুমদার বলেন, করোনাভাইরাস জনিত কারনে অক্সিজেন’র প্রয়োজন দেখা দেয়ায় আমরা ব্লাড ডোনারস ক্লাবের সদস্যরাসহ কিছু মানবিক লোকের সহায়তায় সাতটি সিলিন্ডার সংগ্রহ করেছি এবং প্রাথমিক ভাবে এ সাতটি সিলিন্ডার দিয়ে আমরা অক্সিজেন সরবরাহ চালিয়ে যাচ্ছি। সমাজের হৃদয়বান ব্যক্তিরা যদি আমাদের আরো কিছু সিলিন্ডার ব্যবস্থা করে দেয় তাহলে এ মানবিক কাজটি আরো বেগবান হবে। এসময় তিনি জানান, এ অক্সিজেন সরবরাহ সেবা প্রদানে বিভিন্নভাবে আন্তরিক সহায়তা করেছেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র টিএসও ডাক্তার মোঃ শিহাব উদ্দিন। তিনি তাদের এ আন্তরিক সহায়তায় কৃতজ্ঞতা পোষণ করেন। এছাড়া যারা এ সেবা প্রদানে সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েঋেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
যদি কারো এ অক্সিজেন সেবা প্রয়োজন হয় তবে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ছাগলনাইয়া ব্লাড ডোনারস ক্লাবের নেতৃবৃন্দ।
০১৬১৫৪১৪৫২০ ( শাওন)
Please follow and like us:







