শৃঙ্খলা, স্বাস্থ্য ও সেবার মান সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে বজায় রাখতে হবে। জনতার আস্থা ধরে রাখতে হবে উত্তম ব্যবহার ও দৃষ্টান্তমূলক আচরণের মাধ্যমে। সোমবার (২১ জুলাই) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত সাপ্তাহিক মাস্টার প্যারেডে পুলিশ সদস্যদের প্রতি এভাবেই কড়া বার্তা দিয়েছেন পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন।
প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, উত্তম পোশাক পরিধান, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা, নিয়মিত শরীরচর্চা এবং জনগণের সঙ্গে শালীন আচরণ একজন পুলিশের আবশ্যিক গুণ হওয়া উচিত।
তিনি আরও বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে তার কাজের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে না পারলে সকল অর্জনই বৃথা যাবে।
এদিন প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস এবং পোশাক পরিচ্ছন্নতার মূল্যায়নে তিনি ‘গুড সার্ভিস মার্ক’ প্রদান করেন। পরে তিনি পুলিশ লাইন্সের গাড়ি বিভাগ ও অস্ত্রাগারসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল
মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।









