খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ বলেছেন, পাহাড়ে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগোষ্ঠীর পাশে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সাবজোনের তারাবন ছড়া এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজিয়ন কমান্ডার বলেন,পাহাড় থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি অচিরেই নির্মূল হবে। সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি আর শোনা যাবে না। শান্ত পাহাড়কে অস্থিতিশীল করার স্বপ্ন কেউ বাস্তবায়ন করতে পারবে না।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম সকলের, তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে এবং জনগণের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
ডিজিএফআই-এর কর্নেল (জিএস) আতিকুর রহমান,খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম,লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম,খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি-টু-আই) কাজী মোস্তফা আরেফিন,পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাত সহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
এ ছাড়া উপস্থিত ছিলেন,হাঁড়িচাঁদের লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ইউপি সদস্য মো. সাহেব আলী, স্থানীয় হেডম্যান–কার্বারীসহ অনেকে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, স্থানীয়দের শীতবস্ত্র, এবং ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে মেডিকেল সেবা প্রদান করা হয়।
Please follow and like us:










