আহমদীয়া মুসলিম জামা’ত সিয়েরা লিওনের ৫৯তম বার্ষিক জলসায় দেশের রাষ্ট্রপতি জুলিয়াস মাদা বিও যোগদান করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি আহমদীয়া জামা’তের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে তার ব্যক্তিগত টুইটারে লিখেন-
‘ইসলাম অর্থ শান্তি’- এই প্রতিপাদ্যের অধীনে আহমদীয়া মুসলিম জামা’ত সিয়েরা লিওন কর্তৃক আয়োজিত ৫৯তম জলসা সালানার আনুষ্ঠানিক উদ্বোধন এবং মূল বক্তব্য প্রদান করতে পেরে আমি ভীষণ আনন্দিত।
এই গুরুত্বপূর্ণ বার্ষিক সমাবেশ সদস্যদের আধ্যাত্মিকতা ও উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি এবং ধর্মীয় জ্ঞানচর্চার এক চমৎকার প্লাটফর্মে পরিণত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে আমার মূল বক্তব্যে আমি অংশগ্রহণকারীদেরকে নিজেদের ব্যক্তি জীবন এবং জাতীয় জীবনে ইসলামের মৌলিক নীতিগুলোর ওপর আমল করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি।
এই জলসা সালানার মাধ্যমে আমি আমার প্রিয় দেশের অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমাদের আহমদীয়া মুসলিম ভাই ও বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, যারা শান্তি, ন্যায়বিচার এবং মানবসেবার মূল্যবোধগুলোকে লালন করে থাকে।
চমৎকারভাবে আয়োজিত ৫৯তম জলসা সালানা উপলক্ষ্যে সিয়েরা লিওনে ১০০ বছরেরও অধিক সময় ধরে আহমদীয়া মুসলিম জামা’তের মানবসেবা এবং আধ্যাত্মিক প্রচেষ্টার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের দেশে তাদের দর্শনের প্রচার ও প্রসারে(র অধিকারের ক্ষেত্রে) আহমদীয়া মিশনকে সমর্থন করে যাওয়ার বিষয়ে আমি আমার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
আমি জলসায় যোগদানকারী সকলের জন্য শান্তিপূর্ণ ও আধ্যাত্মিকতায় উদ্ভাসিত ৩টি দিন কামনা করছি।
উল্লেখ্য আহমদীয়া মুসলিম জামা’ত সিয়েরা লিওনের ৫৯তম বার্ষিক জলসার কার্যক্রম ৯ ফেব্রুয়ারি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং বিশ্ববাসীর শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে ১১ ফেব্রুয়ারি শেষ হবে। জলসায় প্রায় ২০ হাজারের অধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করছেন।








