নয়া আলো ডেস্কঃ- নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবি জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবির নাজমুল বলেছেন, এই কমিশনের পক্ষে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব নয়। বেগম খালেদা জিয়ার অবিলম্বে সুচিকিৎসা নিশ্চিত করণ এবং রমজানের পূর্বেই নিঃশর্ত মুক্তির দাবিতে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত নাগরিক সমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবিরা নাজমুল বলেন, বর্তমান সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। অবিলম্বে সুচিকিৎসা নিশ্চিত করণ এবং রমজানের পূর্বেই নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে তিনি আরো বলেন, বিএনপিকে বাইরে রেখে আর নির্বাচন সম্ভব হবে না। দেশের জনগন গত নির্বাচনের মত নির্বাচন আর মেনে নেবে না। তিনি আরো বলেন, বিএনপি যাতে আগামী নির্বাচনে অংশ না নেয় সেজন্য সরকারের সব রকম আয়োজন করছে। নির্বাচনের কাছাকাছি যাচ্ছি ততই মনে হয় সরকার আরও বেপরোয়া হয়ে উঠছে। সুষ্ঠু নির্বাচন রুখতে যত রকমের ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিশেষ অথিতি ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা হাজী মোহাম্মদ মাসুক মিয়া সহ সমাজের বিভিন্ন স্তরের নাগরিক বৃন্দ।









