সাইফুল আলম সুমন, গাজীপুর. প্রতিনিধি ঃ
ট্রাফিক পুলিশের কার্যক্রমকে আরও বেশি গতিশীল করতে এবং মানুষের ভোগান্তি কমাতে গাজীপুরের শ্রীপুরে ই-ট্রাফিক প্রসিকিউশন সেবার উদ্বোধন করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এ
কার্যক্রমের উদ্বোধন করা হয়। বুধবার বিকেলে মাওনা হাইওয়ে থানার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি)হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেলোয়ার হোসেনের সঞ্চালনায়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।ডিআইজি হাবিবুর রহমান বলেন, দূর-দূরান্তে যানবাহন চলাচল করতে গিয়ে চালকদের ট্রাফিক আইন মানতে বাধ্য করবে এই সেবা। ট্রাফিক আইন অমান্যকারীদের তাৎক্ষণিক জরিমানা-মামলাসহ জরিমানার টাকা আদায় করতে পারবে পুলিশ। এ ক্ষেত্রে চালকরাও অতি সহজে ইউ-ক্যাশ সেবার মাধ্যমে জরিমানা পরি শোধ করতে পারবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের শ্রমশক্তির অপচয় রোধ, ট্রাফিক আইনের মামলায় হয়রানি ও দুর্ভোগ কমানোসহ বিড়ম্বনা রোধে ই-ট্রাফিক সেবা অনেক বড় ভূমিকা পালন করবে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বা অফিস-আদালত ঘুরে ভোগান্তির পরিবর্তে এই সেবার আওতায় ঘরে বসে যে কোনো ট্রাফিক মামলার সমাধান করতে পারবেন তারা। ট্রাফিক আইন মেনে যানবাহন চলাচলে আরও বেশি শৃঙ্খলা আসবে। ট্রাফিক পুলিশ তাদের কার্যক্রম আরও স্বচ্ছভাবে পালন করতে পারবে।পাশাপাশি চালকরাও বৈধ কাগজ-পত্র নিয়ে চলাচলে বাধ্য হবেন। এতে সড়ক দুর্ঘটনার হার অনেক কমে আসবে। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন প্রমুখ ।এ সময় বিভিন্ন অনিয়মের কারণে ১০টি মামলা দেওয়া হয়, তার মধ্যে চারটি মটর সাইকেল, দুটি মাইক্রোবাস, দুটি বাস, একটি পিকআপ ও একটি ট্রাককে মামলা দেওয়া হয় বলে নিশ্চত করেছেন মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ইয়াকুব আলী ।









