ফেনীতে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৫ মার্চ তিনি ঢাকার মিরপুর থেকে গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে আসেন। এরপর জ্বর-শ্বাসকষ্ট দেখা দিলে বুধবার (১৪ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডি পাঠানো হয়।
পরীক্ষা শেষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তার রক্তে করোনা পজেটিভ ধরা পড়ে। এটিই ফেনীতে প্রথম শনাক্ত হওয়া করোনা রোগী।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আক্রান্ত ব্যক্তি ঢাকার মিরপুরে একটি মোবাইল কোম্পানীতে চাকুরী করেন। বয়স ২৮ বছর। গত ২৫ মার্চ ওই যুবক ঢাকা থেকে গ্রামে আসার পর জ্বর-শ্বাসকষ্ট দেখা দিলে ১৪ এপ্রিল নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডি-তে পরীক্ষার শেষে তার করোনা পজিটিভ পাওয়া যায়।
জানতে চাইলে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, রোগীর অবস্থা দেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ওই রোগিকে স্বাস্থ্য বিভাগ আইসোলেশনে এনে চিকিৎসা দেওয়া হবে এবং পরিস্থিতি বিবেচনায় গ্রামটি লকডাউন করা হবে।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের জানান, বিষয়টি জানার পরই গতকাল রাত সাড়ে ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত ওই রোগীর বাড়িসহ পুরো গ্রাম লকডাউন ঘোষণা করেছে। এ ছাড়া ওই ব্যক্তিকে ফেনী ট্রমা সেন্টারে আইসোলেশনে নেওয়া হচ্ছে। ওই ব্যক্তি কিছুদিন আগে ঢাকা থেকে নিজ গ্রামে আসেন।









