বাগেরহাটে সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক জনপ্রিয় মহিলা নেত্রী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা। এমপি হিসেবে দেখতে ইতিমধ্যে দাবিও তুলেছেন বিএনপি’র তৃণমূলের নেতাকর্মীরা। সমাজসেবা ও দানবীর হিসাবে ব্যাপক পরিচিতি রয়েছে তার। সংরক্ষিত নারী আসনে এমপি মনোনীত হয়ে এ অঞ্চলের উন্নয়ন ও সাধারণ মানুষের পক্ষে সংসদে দাবি উপস্থাপন করুক এমনটাই প্রত্যাশা সকলের।
রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা দেশের বাইরে লেখাপড়া করেছেন। ছিলেন বৈমানিক। একজন উদ্যোক্তা। বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠিত কোম্পানির সিইওর দায়িত্ব পালন করছেন। তার পিতা কবির আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। তার স্বামী স্কয়াড্রোন লিডার আহসানুল কবির (পিএসসি)। ব্যক্তিগত জীবনে তিনি দুইটি পুত্র সন্তানের জননী। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা এবং ভোট প্রার্থনা করে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা মসজিদ মন্দির ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, শিক্ষা সামগ্রী বিতরণ করা ছাড়াও অনেক শিক্ষার্থীর নিয়মিত বেতন প্রদান করেন তিনি। তাছাড়া নিয়মিত চিকিৎসা সেবা, ওষুধ প্রদান এবং হুইল চেয়ার বিতরণ করে আলোচনায় রয়েছেন রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা।
সংবাদ কর্মীদের সাথে কথা হলে রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা বলেন, আমি নিয়মিত সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত থাকার চেষ্টা করি। এগুলো মনোনয়ন পাওয়ার লোভে নয়। একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা মাত্র। এ অঞ্চলে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন সবার থেকেই এগিয়ে রয়েছে আমি। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে সংসদে গিয়ে অবহেলিত এ অঞ্চলের মানুষের পক্ষে কথা বলতে পারব। এ অঞ্চলের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে পারব। সুযোগ পেলে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সাথে কাজ করব।









