সিরাজগঞ্জের কামারখন্দে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দায়ের করা হত্যা চেষ্টা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন একটি ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল শেখ, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, স্থানীয় মুরুব্বি হাজী মনিরুজ্জামান ও হাফিজুল খান এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক নাইম খানসহ অনেকে।
ভুক্তভোগী পরিবারের সদস্য জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, গত শুক্রবার নিজেদের জমিতে বেড়া দিতে গেলে শহিদুল ইসলাম ও তার ছেলে রাজুর নেতৃত্বে কয়েকজন তাদের বাধা দেন। পরে স্থানীয় মুরুব্বিদের অনুরোধে তারা সেখান থেকে চলে যান। তার দাবি, ওই সময় শহিদুল ইসলামকে স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতে দেখা গেলেও পরে জানতে পারেন তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে তাদের ছয়জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেছেন।
নাইম খান দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়। এবারও ঘটনার প্রকৃত তদন্ত না করে তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে শহিদুল ইসলাম বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা জহুরুল শেখ দাবি করেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন এবং শহিদুলের মাথায় কোনো দৃশ্যমান আঘাত দেখেননি।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী জানান, মামলাটি কিছুক্ষণ আগে রেকর্ড হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









