দলীয় পরিচয়ে দূর্বত্তায়ন করার দিন শেষ। মূল্যবান সময় ব্যয় করে দলের জন্য দেশের জন্য কাজ করছি। কেউ যদি মনে করে আমি অপ্রতিরোধ্য, এটা তার ভুল ধারণা। শেখ হাসিনার মত শক্তিশালী স্বৈরাচার একদিন আগেও তিনি জানতেন না তাকে পালিয়ে যেতে হবে, তিনি কিন্তু পালিয়ে গেছেন। শুধুমাত্র ঔদ্ধত্য এবং অতিমাত্রায় আত্মবিশ্বাসের কারণে। সুতরাং সবাইকে তার লেভেল বুঝতে হবে। আমি রাজনীতি করাকালীন সময়ে রামপাল মংলায় কোন সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ ধান্দাবাজের ঠাঁই হবে না।
মঙ্গলবার (২০ অক্টোবর) বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনকালে কথাগুলো বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, এবারের উৎসবের জন্য সরকারি বরাদ্দ পূর্বের চেয়ে বৃদ্ধি করা হয়েছে এবং উৎসবকে নির্বিঘ্ন করতে ছুটি বাড়িয়ে ৫ দিনের টানা ছুটির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সিনিয়র সহ-সভাপতি কাজী জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, এনামুল হক প্রিন্স, মোতাহার হোসেন, হাওলাদার জাহিদুল ইসলামসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের পূজা পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আরো বলেন, আপনার সন্তানকে মানুষ করতে চাইলে আপনার ইনকাম হালাল হতে হবে। আপনার সন্তান মাদক গ্রহণ করছে কিনা, অনলাইন জুয়ায় আসক্ত কিনা আপনাকেও খোঁজ রাখতে হবে। একটি সুসন্তান তৈরি করলে এই সমাজ এই জাতি এবং এই দেশ উপকৃত হবে।
এই রাষ্ট্রে সব ধর্মের মানুষের অধিকার সমান। এবারের দুর্গাপূজা পূর্ববর্তী বছরগুলোর চেয়ে ভিন্ন এবং এটি একটি গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। বর্তমান সরকারের অধীনে মণ্ডপের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র ও বিশেষ সহায়তা বিতরণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।









