আসছে পবিত্র ঈদুল ফিতর । সাধারন মানুষ ঈদকে সামনে রেখে কেনাকাটা করবেন ।আর এই সব উৎসব লক্ষ করে দেশের বিভিন্ন এলাকায় – বিশেষ করে শহর কেন্দ্রিক জনসমাগম এলাকা গুলোতে দলবদ্ধ আসাধু চক্রের আনাগোনা বাড়ে ।যাদের কে অজ্ঞান পার্টি কিংবা মলম পার্টি বলে থাকি ।
যাত্রী বা হকার সেজে। ক্ষতিকর চেতনানাশক হাতে। কথায় বলে, ‘১০০ চোর এক চক্রে, চোরের বুদ্ধি ক্ষুরে ক্ষুরে’। এ ক্ষেত্রেও ঠিক তাই। একা নয়, সংঘবদ্ধ চক্রে তৎপর অজ্ঞান পার্টিগুলো। রাস্তাঘাট, বাস, ট্রেন ও লঞ্চে। প্রথমে কোনো যাত্রী বা পথচারিকে টার্গেট করে তারা। তারপর সুযোগ বুঝে কৌশলে প্রয়োগ করে অধিকমাত্রায় মারাত্মক চেতনানাশক। কিছুক্ষণের মধ্যেই অচেতন। এরপর সবকিছু হাতিয়ে নিয়ে চম্পট। ঈদকে সামনে রেখে সম্প্রতি রাজধানীসহ সারা দেশে বেড়েছে অজ্ঞান পার্টির এমন দৌরাত্ম্য। অতিমাত্রায় মারাত্মক চেতনানাশক প্রয়োগে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। অনেক সময় প্রাণহানিও ঘটে। ঈদের আগেই মাটি হচ্ছে অনেক পরিবারের আনন্দ। তবে সতর্কতা ও সচেতনতাই এ বিপদ থেকে বাঁচাতে পারে। এমনটাই পরামর্শ সংশ্লিষ্টদের।
কিছু সতর্কতা অবলম্বন করলে এ বিড়ম্বনা কিছুটা কমবে।বর্ণিত বিষয় সমূহঃ
১. ভ্রমন পথে অযাচিতভাবে অপরিচিত কেউ অহেতুক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে তাকে পাত্তা দিবেন না।
২. আজকাল ডাবের ভিতরে সিরিঞ্জের মাধ্যমে চেতনানাশক ঔষধ মিশিয়ে থাকতে পারে। তাই কখন কোথা হতে তৃষ্ণা মিটাচ্ছেন সে ব্যাপারে সতর্ক থাকুন।
৩. কারো হাতে রুমাল দেখলে সতর্ক থাকুন। কারণ রুমালের মধ্যে ক্লোরোফর্ম মিশিয়ে আপনার নাকের কাছে ধরলেই আপনি অজ্ঞান হয়ে যাবেন।
৪. ফুটপাতে বা রাস্তার মোড়ে টং দোকান থেকে খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন।
৫. ফেরিওয়ালা বা ভ্রাম্যমান কারো কাছ থেকে আচার, আমড়া, শসা, পেয়ারা প্রভৃতি খাবেন না।
৬. বাসে, ট্রেনে ভ্রমণের সময় লজেন্স বা চকলেট, আইসক্রিম ইত্যাদি জাতিয় কোন খাবার গ্রহণ করবেন না।
৭. সিএনজিতে চলার সময় যাত্রীরা ড্রাইভারের কাছ থেকে এবং ড্রাইভাররা যাত্রীদের কাছথেকে কোন খাবার গ্রহণ করবেন না।
৮. ভ্রমণের সময় নির্জণ পথ পরিহার করে সর্বদা গাড়ি চলাচল করে এবং লোক সমাগম থাকে এমন রাস্তা বেছে নিন।
৯.ভ্রমণের সময় চেষ্টা করবেন পরিচিত কাউকে সাথে নিতে।
শুধু একটু সচেতনতাই রক্ষা করতে পারে আপনার জীবন ও সম্পদ।
মেহেদী হাসান,
সহকারী বার্তা সম্পাদক
নয়া আলো.কম








