ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ইটের আঘাতে শাহাজ উদ্দিন কারিকর (৩৪) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। আহত যুবক ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। রোববার সকালে উপজেলার শিবপুর বাদুরগাছা এলাকায় এ ঘটনা ঘটে। আহতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নে শিবপুর বাদুরগাছা এলাকার আঃ মজিদ কারিকরের ছেলে শাহাজ উদ্দিনের সাথে ঘটনার দিন সকালে একই এলাকার শফিকুল সানার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে নুর আলী সানার বাড়িতে ঢুকে শফিকুল সানা, তার ছেলে সোহানুর সানা ইট দিয়ে শাহাজ উদ্দিনের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।









