পঞ্চগড়ের আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। শনিবার ও রবিবার (১০ ও ১১ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ-এর সভাপতিত্বে শনিবার (১০ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় প্রশিক্ষনের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধি এবং তথ্য সংগ্রহের কাজ সঠিকভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ জানান, আটোয়ারী উপজেলার ছয়টি ইউনিয়নের জন্য মোট ৬০ জন তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রয়োজনীয় সংখ্যক ট্যাপ সরবরাহ না থাকায় আপাদত প্রথম ধাপে ১৫জনকে প্রশিক্ষণ প্রদান করা হলো। পরবর্তীতে ৪৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষনার্থীদের সবাইকে তথ্য সংগ্রহের জন্য ট্যাপ প্রদান করা হচ্ছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্য যাচাই এবং মাঠপর্যায়ে কার্যক্রমের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরণের প্রশিক্ষনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।









