“শিক্ষক সমাজ আমাদের জ্ঞান অর্জনের অন্যতম প্রধান ও সম্মানের জায়গা। শিক্ষকদের আমি সর্বোচ্চ সম্মান করে থাকি। এর একটি বিশেষ কারণ হলো, আমিও একজন শিক্ষকের সন্তান। তাই আমি বলবো, শিক্ষকতাকে শুধু পেশা হিসেবে না নিয়ে মানবিকতার মাধ্যমে এই পেশাকে আরও সম্মানিত করার সুযোগ আপনাদের রয়েছে।”
দিনাজপুরের বিরলে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নবযোগদানকৃত শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
তিনি বলেন, “আপনারা জানেন, বিরলের একজন শিক্ষক জাতীয় পর্যায়ে সম্মানিত হয়েছেন। আপনাদের মধ্যেও এই চ্যালেঞ্জ থাকতে হবে—তিনি যদি তাঁর কার্যক্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে সম্মানিত হতে পারেন, আমি কেন পারবো না?”
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোসহ শিক্ষা খাতের ওপর বিশেষ গুরুত্বারোপ করে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আলোকিত করতে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি প্রয়োজন। তাই নবযোগদানকৃত শিক্ষকসহ সকল শিক্ষকের প্রতি অত্যন্ত মানবিক হয়ে দেশের ও সমাজের স্বার্থে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং দোগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসনীম আর-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোরশেদা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের অফিসার ইন্সট্রাক্টর মো. মাহবুবুর রহমান এবং থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিছুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি গুলনাহার খানমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে দিনাজপুর সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ করা হয়। এ সময় প্রধান অতিথি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ফুল দিয়ে নবযোগদানকৃত শিক্ষকদের বরণ করে নেন।









