পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল ও রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ৮ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আমির মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ খাদেমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ)। অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি’র উপজেলা আহবায়ক সোলায়মান আলী, জাগপা সেক্রেটারী বজলুর রহমান, এনসিপি’র সাবেক উপজেলা আহবায়ক জয়েন উদ্দীন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, জামায়াত কর্মী ফরিদুল ইসলাম, মোখলেছুর রহমান, বদরুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জনের গুরুত্ব, আত্মসংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তারা বলেন, রমজান কেবল রোজা পালনের মাস নয় ; এটি আত্মগঠন, নৈতিক উন্নয়ন এবং সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠার এক অনন্য সুযোগ। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ ও কল্যাণমূখী সমাজ গড়ে তোলার আহবান জানান বক্তারা। পাশাপাশি অন্যায়- অবিচার, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।









